অ্যারিজোনার পিমা ইন্ডিয়ানরা বলে, সমস্ত মানুষ আর জীবজন্তুর আদি পিতা ছিল চেরউইট মাকে (পৃথিবীর স্রষ্টা) নামের এক প্রজাপতি, যে মেঘের বুক থেকে ডানা মেলে নেমে এসেছিল নীল পাহাড়ের খাড়া পাথুরে ঢালে[…] আর নিজের ঘাম থেকে সৃষ্টি করেছিল মানুষ। মানুষের সংখ্যা যত বাড়তে লাগল, ততই তারা হয়ে উঠল স্বার্থপর আর কলহপ্রিয়, তাই নিজের হাতে গড়া সৃষ্টির ওপর বীতশ্রদ্ধ হয়ে চেরউইট মাকে ঠিক করল, তাদের সবাইকে পানিতে ডুবিয়ে মারবে।[…]
হক নামে পাহাড়ের এক দানব ছিল, যে তাদের মেয়েদের চুরি করে নিয়ে যেত আর ছেলেদের হত্যা করত। […] নিঃশব্দে তার পিছু নিয়ে কুসংস্কার পর্বতমালায় ঢুকে পড়ল সে; তার মেয়ে দানবটিকে যে ক্যাকটাসের মদ পরিবেশন করবে, তাতে মিশিয়ে দিল মাদক; তারপর, দানবটা সেই মদ পান করার পর, নিজের লুকোনো জায়গা থেকে বেরিয়ে এল সুহা, আর মাদকের ঘোরে আচ্ছন্ন ওই পিশাচের মাথায় আঘাতের পর আঘাত করে মগজ বের করে দিল। […]
এই ভবিষ্যদ্বাণীর ওপর পিমাদের বিশ্বাস এতই অটল যে তারা কুসংস্কার পর্বতমালা পেরোয় না, কারণ সেখানেই বসে আছে চেরউইট মাকে — তাদের পাপ চরমে পৌঁছানোর অপেক্ষায়, যাতে ওই পর্বতশ্রেণীর পেছনে বাঁধের আড়ালে আটকে থাকা এক বিপুল সমুদ্রকে পৃথিবীর বুকে ছেড়ে দিতে পারে সে।