উত্তর আমেরিকার এরিজোনা রাজ্যের পিমা আদিবাসী জনগোষ্ঠীর সদস্যদের মতে প্রজাপতিই ছিলেন সমস্ত প্রাণী এবং মানুষদের আদি পিতৃপুরুষ। তাঁকে চেরউইট-মাকে (পৃথিবীর সৃষ্টিকর্তা) নাম সম্বোধন করা হয়। পাখার মৃদু কম্পনের ছন্দে ছন্দে মেঘ থেকে তিনি নীল পাহাড়ের চূড়ায় নেমে এসেছিলেন। […] নিজের ঘাম দিয়ে মানুষ তৈরী করেন। দিনে দিনে মানুষের সংখ্যা বাড়তে লাগল, ক্রমশ তারা স্বার্থপর আর ঝগড়ুটে স্বভাবের হয়ে উঠল। চেরউইট-মাকে নিজের এই কৃতকর্মে বীতশ্রদ্ধ হয়ে সবাইকে সলিল সমাধি দেবেন মনস্থির করলেন। […]
হাউক নামের এক পাহাড়ের দানব মেয়েদের চুরি করত আর ছেলেদের মেরে ফেলতো। সুহা চুপিসারে তার পিছু নিলেন, সেই সুপারস্টিশন পাহাড় পর্যন্ত। সুহার মেয়ে যেই ক্যাকটাস থেকে বানানো সুরা বানিয়ে রেখেছিল দানবকে দেওয়ার জন্য, সুহা সেই সুরার মধ্যে মাদক দ্রব্য মিশিয়ে দিলেন, তারপরে দানব মদ্যপান করার পরেই সুহা নিজের লুকোনো জায়গা থেকে বেরিয়ে এসে সেই নেশাগ্রস্ত আর অচেতন পিশাচকে বেধড়ক পিটুনি দিয়ে মাথা ফাটিয়ে দিলেন। […]
পিমা আদিবাসীরা এই ঐশ্বরিক গাথায় এতটাই বিশ্বাস করে যে তারা কখনই সুপারস্টিশন পাহাড় অতিক্রম করে পাহাড়ের অন্য দিকে যাবে না, তার কারণ চেরউইট-মাকে সেখানে বসে প্রহরা দিচ্ছেন, অপেক্ষা করেছেন কখন মানুষদের নষ্টামি আর পাপাচার সব সীমা অতিক্ৰম করবে, আর তখনি তিনি প্রবল উচ্ছ্বাসে সমুদ্র তোড়ে ভাসিয়ে দেবেন, যার জল বাঁধ দিয়ে আটকানো আছে, ঠিক ওই পাহাড়ের ওই পারে।