অ্যারিজোনার পিমা আদিবাসী সম্প্রদায়ের বিশ্বাস যে সমগ্র মনুষ্যজাতি ও প্রাণীকুলের পিতা হলেন প্রজাপতি চেরউইট মাকে (পৃথিবীর স্রষ্টা),যিনি মেঘপুঞ্জ থেকে ডানা ঝাঁপটিয়ে নীল খাড়া পর্বতমালায় এসে নেমেছিলেন। […] এরপর নিজের ঘাম থেকে তিনি মনুষ্যজাতির সৃষ্টি করেন। মানুষের সংখ্যা বাড়তে থাকায় তারা ক্রমশ স্বার্থপর ও কলহপ্রবণ হয়ে ওঠে, ফলে চেরউইট মাকে তাঁর নিজের সৃষ্টির ওপর বিরক্ত হয়ে সমগ্র মনুষ্যজাতিকে জলসমাধি দেওয়ার সিদ্ধান্ত নেন। […]
হাউক নামে এক শয়তান ছিল পাহাড়ে, যে পিমা সম্প্রদায়ের মেয়েদের অপহরণ করত আর ছেলেদের হত্যা করত। […] সুহা নামে এক ব্যক্তি চুপিসারে তাকে অনুসরণ করে সুপারস্টিশন পর্বতমালায় এসে পৌঁছায়। হাউকের মেয়ের তাকে যে ক্যাকটাসের মদ পরিবেশন করার কথা ছিল, সুহা তাতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। হাউক সেই মদ পান করার পর সুহা লুকানো জায়গা থেকে বেরিয়ে এসে সেই হতবুদ্ধি শয়তানের মাথা থেঁতলে তাকে হত্যা করে। […]
উপরোক্ত লোককথার ওপর পিমা সম্প্রদায়ের বিশ্বাস এতটাই দৃঢ় যে তারা কখনও সুপারস্টিশন পর্বতমালা অতিক্রম করতে সাহস করে না। তাদের বিশ্বাস, চেরউইট মাকে এখনও সেখানে বসে রয়েছেন মনুষ্যজাতির পাপ চরম পর্যায়ে পৌঁছনোর অপেক্ষায়, যখন তিনি পর্বতমালার আড়ালে আটকে থাকা এক প্রবল সমুদ্র পৃথিবীর ওপর ছেড়ে দেবেন।