অ্যারিজোনার পিমা ইন্ডিয়ানরা বলে থাকে যে, সকল মানুষ ও জীবজন্তুর আদি পিতা ছিল চেরউইট মেক (পৃথিবীর স্রষ্টা) নামক সেই প্রজাপতি, যেটি মেঘমালা থেকে ডানা ঝাপটে উড়ে ব্লু ক্লিফস নামের খাড়া পাহাড়ে নেমে এসেছিল […] আর নিজের ঘাম থেকে মানুষকে সৃষ্টি করেছিল। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ ক্রমশ স্বার্থপর আর ঝগড়াটে হয়ে ওঠে, আর তাই চেরউইট মেক তার হাতে গড়া সৃষ্টির প্রতি অত্যন্ত বিরক্ত হয় এবং তাদের সবাইকে জলে ডুবিয়ে মারার সিদ্ধান্ত নেয়।[…]
পর্বতের শয়তান হাউক তাদের কন্যা সন্তানদের অপহরণ আর পুত্রদের হত্যা করে।[…] সুহা নিঃশব্দে তার পিছু নিয়ে কুসংস্কার পর্বতমালায় প্রবেশ করে; আর মদ্যপানীয় ক্যাকটাস ওয়াইনের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে দেয়, যেটা শয়তানটাকে তার মেয়ে পরিবেশন করার কথা ছিল; তারপর যখন সে এটা পান করে, সুহা তখন লুকিয়ে থাকা স্থান থেকে বের হয়ে আসে এবং হতবুদ্ধি শয়তানকে পিটিয়ে ঘিলু বের করে দেয়।[…]
পিমা জনগোষ্ঠী এই দৈববাণীর ওপর এতটাই দৃঢ়ভাবে আস্থা রাখে যে তারা কুসংস্কার পর্বতমালা অতিক্রম করবে না, কেননা সেখানে বসে আছে চেরউইট মেক — তাদের পাপাচার সীমা ছাড়িয়ে গেলে পর্বতরাজির ওপারে থাকা অভিশপ্ত, উন্মত্ত সাগরের জলে ধরণীতল প্লাবিত করার অপেক্ষায়।